গোদাগাড়ীতে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ-৭
রাজশাহীর গোদাগাড়ীতে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সাতজন গুরুতর দগ্ধ হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দিগ্রাম এলাকার সাফিনা পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাফিনা পার্কের সামনে এক বেলুন বিক্রেতা সিলিন্ডার থেকে হিলিয়াম গ্যাস বেলুনে ভরার সময় হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে বেলুন বিক্রেতাসহ আশপাশে থাকা আরও কয়েকজন দগ্ধ হন।
দগ্ধদের মধ্যে রয়েছেন- গোদাগাড়ীর সহাপানিয়া গ্রামের জলাশ্বরী (৩৫), মাটিকাটা গ্রামের রাজিকুল (৬৫), নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজরাপুকুর গ্রামের একরামুল (৫৪), একই উপজেলার পুড়াপাড়া গ্রামের রনি (২৫) এবং চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এলাকার হামিম (২০)।
তাদের সবাইকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া তানোর উপজেলার বৈদ্যপুর গ্রামের সখিনা (৩৫) ও গোদাগাড়ী পৌরসভার ফাজিলুপুর গ্রামের রায়হান প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছেন গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের সিনিয়র নার্স আব্দুস সালাম।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে রায় জানান, “আহত সবাইকে বার্ন ইউনিটের ২৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। প্রত্যেকের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। তাদের শারীরিক অবস্থা এখনও ঝুঁকিপূর্ণ।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.