বাগাতিপাড়ায় বিষে ভেসে গেল ভ্যানচালক শাহিনের স্বপ্ন
এক রাতের বিষে শুধু মাছ নয়-ভেসে গেছে এক ভ্যানচালক মাছচাষীর পরিশ্রম, পুঁজি আর জীবনের স্বপ্নও। এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বাটিকামারীর ফকিরপাড়া গ্রামে।
বুধবার (৮ অক্টোবর) সকালে স্থানীয়রা জানতে পারেন, ভ্যানচালক মাছচাষী শাহিন আলীর (৩৫) পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ মেরে ফেলা হয়েছে। ক্ষতিগ্রস্ত শাহিন ওই এলাকার ইসার উদ্দিনের ছেলে।
পেশায় ভ্যানচালক শাহিন আলী জানান, প্রায় ১০ বছর ভ্যান চালিয়ে সংসার চালালেও ভাগ্য পরিবর্তনের আশায় মাছচাষ শুরু করেন তিনি। সমিতি থেকে ঋণ ও ধারদেনা করে প্রায় ৫০ হাজার টাকা বছর চুক্তিতে পাঁচ বছরের জন্য আড়াই বিঘার দুইটি পুকুর লিজ নেন।
তিনি আরও বলেন, পুকুরে পাঙ্গাস, শিং, টেংরা ও তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল। এর মধ্যে পাঙ্গাস প্রায় সাত হাজার ও শিং মাছ চল্লিশ হাজার। সব মিলিয়ে প্রায় ছয় লাখ টাকার বিনিয়োগ ছিল তার। মাছ বড় হলে ১২ থেকে ১৩ লাখ টাকার বিক্রির আশা করেছিলেন। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তদের বিষপ্রয়োগে এক রাতেই সব শেষ।
শাহিন আলী বলেন, “আমার সব শেষ হয়ে গেছে। দয়া করে প্রশাসন তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করুক।”
শাহিনের মা সাহারা খাতুন জানান, “রাত ১১টার দিকে ছেলে আর ছেলের বউ পুকুর দেখে এসে ঘুমাতে যায়। সকালে উঠে দেখি পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। কে বা কারা বিষ দিয়েছে বুঝতে পারছি না।”
গ্রামবাসী এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.