শেরপুরের নালিতাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই
শেরপুরের নালিতাবাড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন দুইজন গারো আদিবাসী নারী উদ্যোক্তাও।
বুধবার (৮ অক্টোবর) ভোররাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী মিশন রোডের বটতলা মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাত প্রায় ৫টার দিকে গারো নারী উদ্যোক্তা মিতালী ঘাগ্রার মালিকানাধীন ‘সিলসি বস্ত্রালয়’ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এর মধ্যে ছিল—খোরশেদ আলমের ‘ভাই ভাই হোটেল’, আলহাজ জমশেদ আলীর ‘আল্লাহ সাফি ফার্মেসি’, প্রজাপতি সাংমার কাপড়ের দোকান এবং বন্দনা চাম্বুগংয়ের মনোহারী দোকান।
অল্প সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখায় দোকানগুলোর সব মালামাল পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা ও বারোমারী বিজিবি ক্যাম্পের সদস্যরা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের জীবনের সব পুঁজি ও পণ্য পুড়ে যাওয়ায় তারা এখন নিঃস্ব। দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা চেয়েছেন তারা।
“নন্নী পল্লী বিদ্যুৎ অফিসে একাধিকবার ফোন দিয়েও কোনো সাড়া পাইনি। তারা যদি তখনই বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিত, তাহলে আগুন এতটা ছড়াত না,” অভিযোগ করেন ভাই ভাই হোটেলের মালিক আরশেদ আলম।
নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাকারিয়া ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি কাপড়ের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা ধারণা করছেন।
এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি বলেন,
“আমরা ঘটনাস্থল পরিদর্শন করবো। পরে ক্ষতিগ্রস্তদের আবেদন পাওয়ার পর সরকারি সহায়তা প্রদানের ব্যবস্থা করা হবে।”
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.