ধর্মীয় অনুভূতিতে আঘাত রাবি শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী সাগর হোসেনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে তাকে মতিহার থানায় সোপর্দ করার পাশাপাশি তাৎক্ষণিকভাবে হলের আবাসনসুবিধা বাতিল করা হয়েছে। সাগর হোসেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি মাদার বখ্শ হলের আবাসিক ছাত্র।
মাদার বখ্শ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শাহ হোসাইন আহমাদ মেহদী বলেন, ‘আমার হলের এক শিক্ষার্থী মহানবী (সা.)কে অবমাননাকর পোস্ট শেয়ার করেছে জানতে পেরে কোনো বিশৃঙ্খলা হওয়ার আগেই আমি সেখানে উপস্থিত হই। পরে প্রক্টরিয়াল টিমের সহযোগিতায় তাকে থানায় সোপর্দ করা হয়। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তখনই তার আবাসনসুবিধা বাতিল করা হয়েছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, কোনো প্রকার মব যাতে সৃষ্টি না হয়, সে জন্য আমরা অভিযুক্তকে পুলিশের হেফাজতে দিয়েছি। তদন্তে আগেও এমন কাজের সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর যদি ভুলে এমন করে থাকে, তাহলে সে বিষয়টি বিবেচনায় রাখা হবে।
এ বিষয়ে অভিযুক্ত সাগর হোসেন বলেন, আমি শুধু ভিডিও দেখে শেয়ার দিয়েছি। ক্যাপশন আমার নজরে আসেনি। যদি বুঝতাম, তাহলে শেয়ার করতাম না। পরে বুঝতে পেরে পোস্টটি ডিলিট করেছি।
মতিহার থানার দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) আব্বাস আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রাত ১২টার দিকে একজন শিক্ষার্থীকে আমাদের কাছে হস্তান্তর করেছেন। এ বিষয়ে কোনো মামলা হয়নি। আপাতত তাকে থানায় নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.