দিনাজপুরে পূর্ণভবা নদীতে নৌকা ডুবে কৃষকের মৃত্যু
- আপডেট সময় : ১০:০৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ২০ বার পড়া হয়েছে

দিনাজপুরে পূর্ণভবা নদীতে নৌকা ডুবে কৃষকের মৃত্যু
দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের পূর্ণভবা নদীতে নৌকা ডুবে আফজাল হোসেন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) বেলা ১২টার দিকে দিনাজপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহত আফজাল হোসেন বিরল উপজেলার ধর্মপুর গ্রামের মৃত গেদু মোহাম্মদের ছেলে। তিনি দিনাজপুর সদর উপজেলার ঘুঘুডাঙ্গা গ্রামে নিজের আলুখেতে কাজ করছিলেন।
স্থানীয় বাসিন্দা জুয়েল হোসেনের বরাত দিয়ে জানা যায়, রোববার সকাল ৯টার দিকে আফজাল হোসেনের ছেলের স্ত্রী ও দুই নাতি বিরল উপজেলার ধর্মপুর এলাকায় নদীর পশ্চিম তীরে খাবার নিয়ে অপেক্ষা করছিলেন। তাদের কাছ থেকে খাবার নিতে আফজাল একটি ডিঙি নৌকায় নদী পার হন।
খাবার নিয়ে একই নৌকায় নদী পার হয়ে আলুখেতে ফেরার পথে নদীর মাঝামাঝি পৌঁছালে নৌকাটি হঠাৎ ডুবে যায়। এ সময় অন্য নৌকায় থাকা লোকজন তার ছেলের স্ত্রী ও দুই নাতিকে উদ্ধার করতে সক্ষম হলেও আফজাল হোসেন নদীর স্রোতে তলিয়ে যান।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টা অভিযান চালানোর পর বেলা ১২টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
দিনাজপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. ফিরোজ্জামান জানান, খবর পেয়ে টিম লিডার ওবায়দুল ইসলামের নেতৃত্বে ডুবুরি খাদিমুল ইসলামসহ একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। প্রায় তিন ঘণ্টার অভিযানে নদী থেকে আফজাল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।





















