নলডাঙ্গায় হলফনামার মাধ্যমে মেয়েকে ত্যাজ্য ঘোষণার দাবি বাবার
- আপডেট সময় : ০৯:১৯:০০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ১৭১ বার পড়া হয়েছে

নলডাঙ্গায় হলফনামার মাধ্যমে মেয়েকে ত্যাজ্য ঘোষণার দাবি বাবার
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় পারিবারিক অবাধ্যতা ও পরিবারের অমতে বিয়ে করার অভিযোগে নিজের দ্বিতীয় কন্যাকে ত্যাজ্য ঘোষণা করার কথা জানিয়েছেন এক ব্যবসায়ী। এ বিষয়ে তিনি হলফনামা সম্পাদন করেছেন বলে জানা গেছে।
হলফনামা সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব মাধানগর গ্রামের বাসিন্দা শ্রী মানিক তার দ্বিতীয় কন্যা কুমারী তুলসী রানীকে ত্যাজ্য সন্তান ঘোষণা করে একটি হলফনামা করেছেন।
হলফনামায় শ্রী মানিক উল্লেখ করেন, তার অভিযোগ অনুযায়ী, মেয়ে দীর্ঘদিন ধরে পরিবারের কথা অমান্য করে চলছিলেন। এ নিয়ে বাবা-মায়ের সঙ্গে তার বিরোধ তৈরি হয়। একপর্যায়ে পরিবারের অজান্তে এক যুবকের সঙ্গে বাড়ি ছেড়ে গিয়ে বিয়ে করেন বলে হলফনামায় দাবি করা হয়েছে।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শ্রী মানিক হলফনামার মাধ্যমে মেয়েকে ত্যাজ্য ঘোষণা এবং তার ও তার স্ত্রীর স্থাবর-অস্থাবর সম্পত্তিতে মেয়ের কোনো দাবি থাকবে না বলে উল্লেখ করেছেন।
হলফনামায় আরও বলা হয়েছে, ভবিষ্যতে তারা মেয়েকে পরিবারের সন্তান হিসেবে গণ্য করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।
শ্রী মানিক হলফনামা ও এ-সংক্রান্ত তথ্য গণমাধ্যমকর্মীদের দিয়েছেন বলে জানা গেছে।






















