রাজশাহীতে লিচুবাগান থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার
- আপডেট সময় : ০৫:৫২:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

রাজশাহীতে লিচুবাগান থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার
এম এম মামুনঃ
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকার একটি লিচুবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১০৩টি তাজা ককটেল উদ্ধার করেছে এসআরবি-৫।
মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে নগরীর আদুবুড়ি উপরিমাঠ এলাকার একটি লিচুবাগানে অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়। ককটেলগুলো একটি সিমেন্টের বস্তার ভেতরে রাখা ছিল।
বুধবার (২১ অক্টোবর) সকালে এসআরবি-৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিত্যক্ত একটি সিমেন্টের বস্তার ভেতর থেকে হাতে তৈরি ১০৩টি ককটেল উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধার করা ককটেলগুলো জব্দ করে আইনি পদক্ষেপের জন্য নগরীর কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
তবে ককটেলগুলো সেখানে কারা রেখেছিল, সে বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে কোনো তথ্য জানানো হয়নি।






















