বাগাতিপাড়ায় দুর্গাপূজার প্রস্তুতি সভা, ৩০ মণ্ডপে আয়োজন
- আপডেট সময় : ০২:৩৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় দুর্গাপূজার প্রস্তুতি সভা, ৩০ মণ্ডপে আয়োজন
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে করেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মলয় কুমার রায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান পিয়া, বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস, উপজেলা কৃষি কর্মকর্তা ভবসিন্ধু রায়, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম এবং দয়ারামপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ফজলুর রহমান বক্তব্য দেন।
এছাড়া সভায় উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হাফিজুর রহমান, সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আফজাল হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পুলক কুমার রায় এবং বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, এ বছর বাগাতিপাড়া উপজেলায় মোট ৩০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পূজার সময় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপজেলার ৩০টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।



















