কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দুটি স্পিডবোটে আগুন, পরে মাঝনদীতে ডুবিয়ে দেওয়ার অভিযোগ
- আপডেট সময় : ১২:০৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দুটি স্পিডবোটে আগুন, পরে মাঝনদীতে ডুবিয়ে দেওয়ার অভিযোগ
কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় বাহাদুরপুরে পদ্মা নদীতে দুটি স্পিডবোটে অগ্নিসংযোগ ও পরে মাঝনদীতে ডুবিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। নদীতে জলদস্যুদের দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারণা। রোববার দুপুরে দিকে উপজেলার বাহাদুরপুরের সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাহাদুরপুর ইউনিয়নের আরকান্দি, লিসেনদিয়ার ও মাধবপুর সীমান্ত সংলগ্ন পদ্মায় জলদস্যুদের ৪টি স্পিডবোটকে চলাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একপক্ষ অন্যপক্ষের দুটি স্পিডবোটকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে অপরপক্ষের সদস্যরা বোট দুটি নদীর তীরে রেখে পালিয়ে যান। পরে প্রতিপক্ষ দল এসে বোটগুলোতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে স্থান ত্যাগ করে।
ঘটনার সময় নদী তীরবর্তী পানবরজে কাজ করা চাষিরা কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান। এর কিছুক্ষণ পরেই তারা পদ্মায় আগুনের কুণ্ডলী ও কালো ধোঁয়া উড়তে দেখেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নেভানোর পর আরেকটি স্পিডবোট এসে ক্ষতিগ্রস্ত বোট দুটিকে টেনে নিয়ে মাঝনদীতে ডুবিয়ে দেয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
অন্যদিকে ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি একটি মিটিংয়ে রয়েছেন জানিয়ে সংযোগ কেটে দেন।
এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, ঘটনাটি তারা শুনেছেন। তবে বিষয়টি নৌ-পুলিশের অধিক্ষেত্রভুক্ত হওয়ায় তারাই প্রয়োজনীয় তদন্ত ও ব্যবস্থা গ্রহণ করবে।



















