রাণীশংকৈলে সজিনা চাষ সম্প্রসারণে রোপণ কার্যক্রমের উদ্বোধন
- আপডেট সময় : ০৮:১৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ১৩২ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে সজিনা চাষ সম্প্রসারণে রোপণ কার্যক্রমের উদ্বোধন
পুষ্টি নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় বিশেষ উদ্যোগ; রাস্তার ধারে ও বসতভিটায় চারা রোপণ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সজিনা চাষ সম্প্রসারণে ডাল কাটিংয়ের মাধ্যমে চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় খুনিয়া দিঘি সড়কের দুই পাশে ভান্ডারা এলাকায় এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম।
এই উদ্যোগের আওতায় বসতবাড়ির আশপাশ ও রাস্তার দুই ধারে সজিনা গাছের চারা রোপণ করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এ কার্যক্রম পরিবেশ সংরক্ষণ, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মিজ খাদিজা বেগম বলেন, “সজিনা একটি অত্যন্ত পুষ্টিকর ও উপকারী গাছ। সহজ চাষাবাদ ও দ্রুত বৃদ্ধির কারণে এটি গ্রামীণ মানুষের জন্য আয়ের নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও এর গুরুত্ব অপরিসীম।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা শফিউল হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, আবুল কালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, সজিনা গাছের ডাল কাটিং পদ্ধতিতে সহজেই চারা উৎপাদন সম্ভব হওয়ায় এটি দ্রুত সম্প্রসারণযোগ্য। এর পাতা, ফল ও ডাঁটা পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় সাধারণ মানুষের খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে রাণীশংকৈলে সবুজায়ন বৃদ্ধি, পুষ্টি ঘাটতি পূরণ এবং কৃষকদের আর্থিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।
















