রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই দরিদ্র কৃষকের ঘরবাড়ি
- আপডেট সময় : ০৬:৫৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ১২১ বার পড়া হয়েছে

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই দরিদ্র কৃষকের ঘরবাড়ি
রাতের আগুনে নিঃস্ব সামিদুল, ক্ষতি প্রায় এক লাখ টাকা—সহায়তার আবেদন
সিরাজগঞ্জের রায়গঞ্জে অগ্নিকাণ্ডে এক দরিদ্র কৃষকের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামালসহ প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক সামিদুল শেখ।
গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ৮ নম্বর পাঙ্গাসী ইউনিয়নের ব্রাহ্মণবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। সামিদুল শেখ ওই গ্রামের মৃত ফজর আলী শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে বসতঘরে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। আগুনে ঘরের ভেতরে থাকা সব প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত সামিদুল শেখের মেয়ের বড় জামাই মোঃ আলমগীর শেখ জানান, আগুনে বসতঘরের সবকিছু পুড়ে যাওয়ায় সামিদুল শেখ আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছেন।
বর্তমানে নিঃস্ব হয়ে পড়া এই কৃষক উপজেলা প্রশাসনসহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন।














