
নাটোরের গুরুদাসপুরে মাত্র ৪ ইঞ্চি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত বাবলু (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মামলার এজাহার, প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার যোগেন্দ্রনগর গ্রামে প্রতিবেশী পারুলের সঙ্গে জমির আইল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বাবলুর। এ বিরোধের জেরে গত ১৭ এপ্রিল পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়।
অভিযোগ রয়েছে, একই গ্রামের কাওছার, কামাল, জহুরুল ও রাসেলসহ কয়েকজন সংঘবদ্ধ হয়ে বাবলুকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে পেছন দিক থেকে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে হামলাকারীরা তাকে ফেলে রেখে ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত তিনি মারা যান।
নিহত বাবলুর পরিবারে স্ত্রী, দুই সন্তান, মা ও বাবা রয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তায় পড়েছে। স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় দায়ের করা মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম বলেন, “ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে।”
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.