
স্বরাষ্ট্রমন্ত্রীর জেলা সফরের মধ্যেই কক্সবাজারের চকরিয়া উপজেলায় প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীকে গুলি করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৭ জুলাই) সকালে সংঘটিত এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা এলাকার ২ নম্বর ওয়ার্ডে ব্যবসায়ী রমিজ উদ্দিনের ওপর সশস্ত্র হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে লালটু এবং ওলা মিয়ার ছেলে বাবু প্রকাশ্যে রমিজ উদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তার শরীরে বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
গুলির শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় রমিজ উদ্দিনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।
ঘটনার পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দিনের আলোয় প্রকাশ্যে এ ধরনের সশস্ত্র হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তবে হামলার পেছনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।
স্থানীয়দের মতে, স্বরাষ্ট্রমন্ত্রীর জেলা সফরের সময়ই প্রকাশ্যে এমন সশস্ত্র হামলার ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.