
নাটোরের সিংড়ায় জমির সীমানা বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। গ্রাম্য সালিশের সিদ্ধান্ত অমান্য করে এক পক্ষের বিরুদ্ধে অন্য পক্ষের জমিতে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।
ঘটনাটি উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের বিয়াশ বাবু পাড়া এলাকায়।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, একই এলাকার বিমল চন্দ্র ঘোষ ও মোঃ আমজাদ হোসেনের মধ্যে প্রায় ২২ শতাংশ জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বশেষ গ্রাম্য প্রধানদের উপস্থিতিতে জমি মাপজোখ করে সীমানা নির্ধারণ করা হয়।
অভিযোগ রয়েছে, সেই সিদ্ধান্তের কিছুদিন পর মোঃ আমজাদ হোসেন নির্ধারিত সীমানা অমান্য করে বিতর্কিত জায়গায় ঘর নির্মাণ শুরু করেন। এতে এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।
বিমল চন্দ্র ঘোষের পুত্রবধূ ববি ঘোষ বলেন, “আমরা পরিবারসহ বগুড়ায় বসবাস করি। আমাদের জমিতে জবরদখল করে ঘর নির্মাণের খবর পেয়ে গ্রামে এসেছি। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করেছি। পুলিশ এসে আপাতত কাজ বন্ধ রেখেছে। আমরা ন্যায় বিচার চাই।”
ভুক্তভোগী বিমল চন্দ্র ঘোষ দাবি করেন, এটি তাদের পৈতৃক সম্পত্তি এবং খতিয়ানভুক্ত জমি। প্রতিপক্ষ যে জমি কিনেছে তা ভিন্ন স্থানে, কিন্তু রাস্তার সামনের জমিটি তারই। গ্রাম্য সালিশে সীমানা নির্ধারণ হলেও তা মানা হয়নি।
অন্যদিকে অভিযুক্ত মোঃ আমজাদ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, জমি মাপার সময় তিনি উপস্থিত ছিলেন না। এটি তার ক্রয়কৃত জমি এবং তিনি আদালতের পরামর্শেই সেখানে ঘর নির্মাণ করছেন। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন বলেও জানান তিনি।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং নির্মাণ কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.