
নাটোরের সিংড়ায় ধান কাটার সময় চাল ও পানি খেয়ে আটজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে চিকিৎসকরা খাবারে বিষক্রিয়ার আশঙ্কা করছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চলনবিল এলাকায় ধান কাটার কাজে নিয়োজিত শ্রমিকরা দুপুরের বিরতিতে জমির মালিকের দেওয়া চাল ও পানি পান করেন। খাবার গ্রহণের কিছু সময় পরই একে একে তারা অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে বমি, মাথা ঘোরা ও শারীরিক দুর্বলতার লক্ষণ দেখা দিলে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
অসুস্থ শ্রমিকরা হলেন মো. আনোয়ার (৩০), মো. আজাদ (৪০), মো. রমিজুল (৩৮), মো. ইয়াসিন (২৫), মো. ইউসুফ (২৬), মো. হাসেম (৪০), মো. মনির (২৫) ও আবু বক্কর ছিদ্দিক (২৬)। তারা সবাই গাড়াবাড়ি গ্রামের বাসিন্দা।
চিকিৎসাধীন শ্রমিক আবু বক্কর সিদ্দিক জানান, ধান কাটার সময় প্রচণ্ড পিপাসা লাগলে জমির মালিকের বাড়ি থেকে চাল ও পানি দেওয়া হয়। খাওয়ার কিছুক্ষণ পরই সবাই অসুস্থ হয়ে পড়েন এবং পরে হাসপাতালে নেওয়া হয়।
বর্তমানে অসুস্থ শ্রমিকরা সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকরা জানিয়েছেন তাদের অবস্থা স্থিতিশীল।
এ বিষয়ে জমির মালিক আব্বাস আলীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি খাবারে বিষক্রিয়ার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সবাই এখন শঙ্কামুক্ত।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে জানা গেছে। কীভাবে খাবারে বিষাক্ত পদার্থ মিশল তা তদন্ত করে দেখা হচ্ছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.