
শেরপুর-৩ (ঝিনাইগাতি ও শ্রীবরদী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নিয়ে আয়োজিত নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ঝিনাইগাতি উপজেলা মিনি স্টেডিয়ামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহতদের ঝিনাইগাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে নির্ধারিত সময় অনুযায়ী ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুল ইসলাম রাসেল, ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা মঞ্চে উপস্থিত থেকে অনুষ্ঠান শুরুর অপেক্ষায় ছিলেন।
এ সময় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের নেতাকর্মীরা আগে থেকেই অনুষ্ঠানের চেয়ারে বসে থাকেন। অপরদিকে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল নির্ধারিত সময়েও অনুষ্ঠানস্থলে না পৌঁছানোয় বিএনপির আগত নেতাকর্মীরা বসার সুযোগ পাননি। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে বাকবিতণ্ডা চেয়ার ছোঁড়াছুঁড়িতে রূপ নেয় এবং মুহূর্তেই পুরো অনুষ্ঠানস্থল রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষের সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও আগুনে পুড়িয়ে দেওয়া হয়। ইশতেহার পাঠ অনুষ্ঠানের মঞ্চ ও আশপাশের এলাকা লণ্ডভণ্ড হয়ে যায়।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নতুন করে সংঘর্ষের আশঙ্কায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সংঘর্ষের ঘটনায় জামায়াতে ইসলামী ও বিএনপি একে অপরকে দায়ী করেছে। তবে পরিস্থিতি উত্তপ্ত থাকায় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.