
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা থেকে ভুলবশত ট্রেনে উঠে নাটোরের লালপুর থানার আব্দুলপুর রেলস্টেশনে এসে পড়া অল্প বুদ্ধি-প্রতিবন্ধী কিশোরী রুমা খাতুন (১৪)-কে তিন দিনব্যাপী প্রচেষ্টার পর পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে লালপুর থানা পুলিশ।
লালপুর থানার অফিসার ইনচার্পুজ (ওসি) শফিকুল ইসলাম জানান, গত ৩০ জুন সন্ধ্যা ৭টার দিকে আব্দুলপুর রেলস্টেশন এলাকায় ১৪ থেকে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় সাকিবুল হাসান লালপুর থানায় ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে এএসআই শাহীনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে থানার নারী ও শিশু হেল্প ডেস্কে নিরাপদ হেফাজতে রাখেন। বিষয়টি উপজেলা সমাজসেবা কার্যালয়কেও জানানো হয়।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে কিশোরী অল্প বুদ্ধি-প্রতিবন্ধী হওয়ায় তার পরিচয় নিশ্চিত করতে বেগ পেতে হয়। সারারাত চেষ্টা চালিয়ে পুলিশ জানতে পারে, তার নাম রুমা খাতুন। বাবার নাম ইশারত মোল্লা। বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার গুনবহা গ্রামে। সে ভুল করে ট্রেনে উঠে আব্দুলপুর রেলস্টেশনে নেমে পড়ে।
ওসি শফিকুল ইসলাম বলেন, পরে লালপুর থানা পুলিশ বোয়ালমারী থানার সঙ্গে যোগাযোগ করে রুমার পরিবারের সন্ধান পায়। বোয়ালমারী থানা থেকে তার ভাই মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বোনের পরিচয় নিশ্চিত করেন এবং লালপুর থানায় আসেন। শুক্রবার (৩ জুলাই) উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড অফিসার মো. ফজলুর রহমানের উপস্থিতিতে রুমা খাতুনকে তার ভাই মো. সাখাওয়াত হোসেনের জিম্মায় হস্তান্তর করা হয় বলেও জানিয়েছেন তিনি।
লালপুর থানা পুলিশের এই মানবিক উদ্যোগে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.