
নাটোরের লালপুরে সাপের কামড়ে মনির উদ্দিন প্রামাণিক (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এর আগে বেলা ১১টার দিকে তাকে সাপে কামড় দেয়।
নিহত মনির উদ্দিন প্রামাণিক উপজেলার কেশবপুর গ্রামের মৃত চয়ন উদ্দিন প্রামাণিকের ছেলে। তিনি কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে মাঠের কাজ শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন মনির উদ্দিন। পথে কেশবপুর গ্রামের মুরগিতলা মাঠ এলাকায় পৌঁছালে তার হাঁটুর নিচে একটি বিষধর সাপ কামড় দেয়। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে অটোভ্যানে করে বাড়িতে নিয়ে যান।
পরে পরিবারের সদস্যরা তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার পথে দুপুর আনুমানিক ১টার দিকে লালপুর উপজেলার পাইকপাড়া গ্রামের সাঁকোসংলগ্ন পাকা সড়কে তার মৃত্যু হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতের মৃত্যুর বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ প্রকাশ করা হয়নি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় লালপুর থানায় অপমৃত্যু (ইউডি) মামলা নং-৩৬/২৬, তারিখ ১২ জুন ২০২৬ রুজু করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.