
নাটোরের লালপুরে মাহামুদুল হাসান সুইট নামে বিএনপির এক কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত ও শিবির কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেছেন আহতের বাবা আব্দুস সামাদ। পরে আদালতে মামলা দায়ের করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ মে) উপজেলার মাঝগ্রাম স্টেশন মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে বিএনপি কর্মী মাহামুদুল হাসান সুইটের ওপর হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা হাসুয়া, চাপাতি, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালিয়ে মাথা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে বলে অভিযোগ করা হয়েছে।
স্থানীয়রা আহত অবস্থায় সুইটকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরিবারের দাবি, তার শরীরের বিভিন্ন স্থানে মোট ৪৭টি সেলাই দিতে হয়েছে এবং ডান পায়ের হাঁটুর নিচের অংশ ভেঙে গেছে। সাত দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তিনি বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
আহতের স্বজনদের অভিযোগ, ঘটনার পর লালপুর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ করেনি। পরে তারা নাটোর আদালতে মামলা দায়ের করেন।
এদিকে, আহতের পরিবার অভিযোগ করেছে যে, দুয়ারিয়া ইউনিয়ন বিএনপির নেতা মো. জিন্নাহ কাজী অভিযুক্ত জামায়াত-শিবির কর্মীদের পক্ষ নিয়েছেন।
তবে এ অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা মো. জিন্নাহ কাজী বলেন, মাহামুদুল হাসান সুইট বিএনপির সক্রিয় কর্মী এবং ধানের শীষের পক্ষে কাজ করেছে। আমি জামায়াত বা শিবির কর্মীদের পক্ষ নিয়েছি, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
আহতের বাবা মো. আব্দুস সামাদ দাবি করেন, তার ছেলের ওপর হামলার ঘটনায় সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.