লালপুরে বাবা-মেয়ের একসঙ্গে এইচএসসি পাস: ‘শিক্ষার কোনো বয়স নেই’ এর অনন্য দৃষ্টান্ত
নাটোরের লালপুরে গড়ে উঠেছে এক মানবিক ও প্রেরণাদায়ক গল্প। বাবা ও মেয়ে একসঙ্গে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন - যা এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং প্রশংসায় ভাসছে এই পরিবার।
লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নারায়ণপুর গ্রামের মৃত লাল মিয়ার ছোট ছেলে আব্দুল হান্নান (৪২) এবং তার মেয়ে হালিমা খাতুন (১৭) এবারের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন।
আব্দুল হান্নান জানান, ১৯৯৮ সালে নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর সংসার জীবনে প্রবেশ করেন। কিন্তু শিক্ষার প্রতি অদম্য ভালোবাসা তাকে থামিয়ে রাখতে পারেনি। দীর্ঘ ২৫ বছর পর, ২০২৩ সালে মেয়ের সঙ্গে আবারও এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উভয়েই সফল হন। বিষয়টি সে সময় গণমাধ্যমে প্রকাশিত হলে তিনি এলাকায় ব্যাপক প্রশংসা কুড়ান।
এ বছর তিনি বাঘা কাকড়ামারি কলেজ থেকে জিপিএ ৪.৩৩ এবং তার মেয়ে গোপালপুর ডিগ্রি কলেজ থেকে জিপিএ ৩.১৭ পেয়ে একসঙ্গে পাস করেন।
মেয়ে হালিমা খাতুন বলেন, “পরিবারে দারিদ্র্য থাকলেও বাবার পড়াশোনার ইচ্ছাশক্তি আমাকে অনুপ্রাণিত করেছে। আমরা চাই, একসঙ্গে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা শেষ করতে।”
বর্তমানে আব্দুল হান্নান স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেকে নিয়ে সংসার পরিচালনা করছেন। তার বড় ছেলে আবু হানিফ নিরব (১৩) নর্থ বেঙ্গল সুগার মিল স্কুলে সপ্তম শ্রেণিতে এবং ছোট ছেলে রমজান আলী (৬) প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে।
স্থানীয়রা বলছেন, আব্দুল হান্নানের অদম্য ইচ্ছাশক্তি ও শিক্ষার প্রতি ভালোবাসা সমাজে এক অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.