লালপুরে পটলের বেটিকে পেয়ে আবেগে আপ্লুত নারী ভোটাররা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের গণসংযোগে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। জনপ্রিয় সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের মেয়ে হিসেবে তিনি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। বিশেষ করে নারী ভোটারদের মাঝে তার প্রতি দেখা গেছে প্রবল আবেগ ও ভালোবাসা।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত লালপুর উপজেলার ওয়ালিয়া ও দুয়ারিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে ব্যারিস্টার পুতুল গণসংযোগ চালান। তাকে একনজর দেখতে ও শুভেচ্ছা জানাতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন নারী ভোটাররা। অনেকেই তাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
এর আগের দিন তিনি ২নং ঈশ্বরদী ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রচারণা চালান। এ সময় তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগে ব্যারিস্টার পুতুল বলেন, “আমার বাবা মরহুম ফজলুর রহমান পটল যোগাযোগ প্রতিমন্ত্রী থাকাকালে অসংখ্য কাঁচা রাস্তা পাকা করেছিলেন। কিন্তু বর্তমান স্বৈরাচারী সরকারের আমলে এই এলাকার উন্নয়ন থমকে গেছে। বিএনপি আমাকে আমার বাবার মতোই কাজ করার সুযোগ দিয়েছে। আমি নির্বাচিত হলে লালপুর-বাগাতিপাড়ার একটি রাস্তাও কাঁচা রাখব না।”
তিনি আরও বলেন, “নির্বাচিত হলে এলাকায় শিল্প কারখানা স্থাপন করে কর্মসংস্থানের ব্যবস্থা করব, যাতে যুবসমাজকে জীবিকার সন্ধানে বিদেশে যেতে না হয়। পাশাপাশি নারীদের স্বাবলম্বী ও ক্ষমতায়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।”
গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশীদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু, ঈশ্বরদী ইউনিয়ন চেয়ারম্যান মো. আব্দুল আজিজ রন্জু, যুবদল সভাপতি আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলিমুদ্দিন, ছাত্রদল নেতা আবু রায়হান, সহকারী অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীন প্রমুখ।
গ্রামের সাধারণ ভোটাররা ব্যারিস্টার পুতুলকে ফুল দিয়ে স্বাগত জানান এবং ধানের শীষের পক্ষে সমর্থন জানান।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.