
নাটোরের লালপুরে গ্রীন ভ্যালী পার্কে দুই বিদেশি নাগরিককে হেনস্তার ঘটনায় দায়ের করা মামলার মূল আসামি আকাশ (২৩)কে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) সকাল সোয়া ৯টার দিকে লালপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আকাশ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ঘোড়ামারা ডাক এলাকার সিরোইল কলোনির বাসিন্দা মো. সেলিমের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, গত ৮ মে গ্রীন ভ্যালী পার্কে কথিত টিকটকার মোহাম্মদ সাধুর উদ্যোগে ‘টিকটক বন্ধু মিলনমেলা-২০২৬’ ব্যানারে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বয়সী প্রায় ১০০ থেকে ১২০ জন নারী-পুরুষ অংশ নেন। একপর্যায়ে দুপুর আড়াইটা থেকে ৩টার মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত দুই বিদেশি নাগরিক পার্কের ভেতরে সন্ধ্যামালতি পিকনিক স্পটের পাশ দিয়ে যাওয়ার সময় অনুষ্ঠানে অংশ নেওয়া ১০ থেকে ১৫ জন তাদের পথরোধ করে বিভিন্ন ধরনের আপত্তিকর ও অশালীন মন্তব্য করে এবং ভিডিও ধারণ করে বলে অভিযোগ ওঠে।
মামলায় আরও বলা হয়, বিদেশি নাগরিকরা বাধা দিলে কয়েকজন তাদের সঙ্গে অসদাচরণ করে এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবি করে। পরে পার্কের ম্যানেজার এস এম ওয়াজেদুর রহমান ও অন্য কর্মচারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরদিন ৯ মে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এ ঘটনায় গ্রীন ভ্যালী পার্কের ম্যানেজার বাদী হয়ে লালপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩৮৫ ও ৫০০ ধারার পাশাপাশি সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর ২৫(২) ও ২৭ ধারায় অভিযোগ আনা হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনার পর থেকে আত্মগোপনে চলে যায় ওই মামলার প্রধান আসামি আকাশ। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাতে লালপুর বাজারে অভিযান চালিয়ে আকাশকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৬ জুন) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি শফিকুল ইসলাম।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.