
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে বিজলী আক্তার (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের স্ত্রী বিজলী আক্তার রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে তিনি গুরুতর দগ্ধ হন।
বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছে। স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান বকুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গ্যাস সিলিন্ডার ব্যবহারে অসাবধানতা বা যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.