
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান বন্ধ রেখে ‘ক্লাস পার্টি’ আয়োজনের অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা উপেক্ষা করে পুরো দিন ক্লাস না নিয়ে শিক্ষার্থীদের নাচ-গান ও আনন্দ আয়োজনে ব্যস্ত রাখার ঘটনায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় চলাকালীন সময়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কোনো ধরনের পাঠদান করানো হয়নি। শ্রেণিকক্ষেই আয়োজন করা হয় ‘ক্লাস পার্টি’। দিনভর সেখানে উচ্চশব্দে গান-বাজনা, নাচ ও গল্প-গুজব চলে। অভিযোগ রয়েছে, শিক্ষকরা পাঠদান না করে শিক্ষার্থীদের এই আয়োজনে অংশ নিতে উৎসাহিত করেন।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “ছাত্র-ছাত্রীরা নিজেরাই ক্লাস পার্টির আয়োজন করেছিল। এ কারণে আজ কোনো ক্লাস নেওয়া হয়নি।”
তবে জাতীয় কোনো বিশেষ দিবস বা সরকারি কর্মসূচি ছাড়া বিদ্যালয়ের পাঠদান বন্ধ রেখে এমন আয়োজনের বিধান আছে কি না—এ প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেননি তিনি।
বিষয়টি নিয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোকাদ্দেস ইবনে সালাম বলেন, “অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, “বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। আগামী সভায় এটি উত্থাপন করা হবে।”
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলেন, “উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। আমি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলব।”
স্কুল চলাকালীন সময়ে পাঠদান বন্ধ রেখে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট করার ঘটনায় সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.