রাজশাহী বোর্ডে সাত বছরে পাসের হার সর্বনিম্ন, পাস করেছে ৫৯.৪০ শতাংশ
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার সাত বছরের মধ্যে সর্বনিম্ন। এবার বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৩৭ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় রাজশাহী শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলাম এ তথ্য জানান।
তথ্য অনুযায়ী, গত বছর রাজশাহী বোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ২৪ শতাংশ। তার আগের বছর ২০২৩ সালে ছিল ৭৮ দশমিক ৪৬ শতাংশ, ২০২২ সালে ৮১ দশমিক ৬০ শতাংশ, ২০২১ সালে ৯৭ দশমিক ২৯ শতাংশ, ২০২০ সালে ১০০ শতাংশ এবং ২০১৯ সালে ৭৬ দশমিক ৩৮ শতাংশ। অর্থাৎ ২০১৯ সালের পর এবারই সর্বনিম্ন ফলাফল হয়েছে রাজশাহী বোর্ডে।
এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৪ হাজার ১৩৪ জন। এর মধ্যে ছাত্র ৬৭ হাজার ৫৭০ জন এবং ছাত্রী ৬৩ হাজার ৩১৭ জন। ছাত্রীদের পাসের হার ৬৮ দশমিক ৬৯ শতাংশ, আর ছাত্রদের পাসের হার ৫০ দশমিক ৬৯ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যেও ছাত্রীদের অগ্রগতি দেখা গেছে—ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৫৫ জন এবং ছাত্রীদের মধ্যে ৫ হাজার ৬৮২ জন।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন, লিখিত পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট, আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত।
এ বিষয়ে রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলাম বলেন,
“এ বছর পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ। ছাত্রের তুলনায় ছাত্রীদের পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির হার উভয়ই বেশি।”
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.