
বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে নগরবাসীকে স্বস্তি দিতে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় নগরজুড়ে ড্রেন পরিষ্কার ও সংস্কার কার্যক্রম জোরদার করা হয়েছে।
রাসিকের পরিচ্ছন্ন বিভাগ জানায়, নগরীর প্রাইমারি ও সেকেন্ডারি ড্রেন থেকে এক্সাভেটরের মাধ্যমে কাদামাটি অপসারণে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। পাশাপাশি শ্রমিকদের মাধ্যমে ছোট ড্রেনগুলো থেকেও নিয়মিতভাবে ময়লা-আবর্জনা ও পলি পরিষ্কার করা হচ্ছে।
জলাবদ্ধতা নিরসনে মাঠ পর্যায়ে সরাসরি তদারকি করছেন প্রশাসক নিজেই। শনিবার দিবাগত রাত সাড়ে ৯টা থেকে ১২টা পর্যন্ত তিনি নগরীর বর্ণালী মোড় ঢালান, ভেড়িপাড়া, আদর্শ পয়েন্টসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এর আগে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বর্ণালী, ১৬ নম্বর ওয়ার্ডের মথুরডাঙ্গা এবং ৬ নম্বর ওয়ার্ডের আপেল ডেকোরেটর মোড় এলাকায় ড্রেন পরিষ্কার কার্যক্রম তদারকি করেন।
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্টদের দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন এবং ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।
রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, নাগরিক সেবা নিশ্চিত করতে সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ চলছে। বর্ষার আগে ড্রেনেজ ব্যবস্থা কার্যকর রাখতে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। যেসব এলাকায় দিনে কাজ করলে জনদুর্ভোগ বাড়তে পারে, সেখানে রাতেও কাজ পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, অনেক ভবন মালিক ড্রেনের ওপর স্থায়ী ঢালাই করে ড্রেনের প্রবাহ বাধাগ্রস্ত করছেন, যা পরিষ্কার কার্যক্রমে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এ ধরনের কাজ থেকে বিরত থাকতে তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান।
পরিদর্শনকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.