
শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ৪৩৮টি কেন্দ্রে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬।
সোমবার (২০ এপ্রিল) সকাল ৮টায় নগরীর ১৩নং ওয়ার্ডের আরবান প্রাইমারি হেলথ সেন্টারে এ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। আগামী ১০ মে ২০২৬ পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে।
এই কর্মসূচির আওতায় রাজশাহী মহানগরীর ৫৪ হাজার ১৪৪ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে কমিউনিটি পর্যায়ে ৪৫ হাজার ৬২৩ জন এবং স্কুল পর্যায়ে ৮ হাজার ৫২১ জন শিশুকে টিকা দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক প্রশাসক বলেন, হাম-রুবেলা প্রতিরোধে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় সারাদেশে একযোগে এই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় টিকা প্রদান করা হচ্ছে।
তিনি জানান, নগরীর ২৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ১৮০টি কেন্দ্র, ২৪০টি কমিউনিটি কেন্দ্র এবং ১৮টি স্থায়ী কেন্দ্রসহ মোট ৪৩৮টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিটি অস্থায়ী কেন্দ্রে দুইজন টিকাদানকারী ও তিনজন স্বেচ্ছাসেবী এবং স্থায়ী কেন্দ্রে একজন টিকাদানকারী ও একজন স্বেচ্ছাসেবী নিয়োজিত রয়েছেন।
অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্তানদের টিকাকেন্দ্রে নিয়ে এসে টিকা নিশ্চিত করতে হবে। একটি টিকা শিশুর সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে। শিশুদের মধ্যে হাম-রুবেলার লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।
রাসিক প্রশাসক আরও বলেন, জনসচেতনতা বাড়াতে প্রায় ৭০ হাজার লিফলেট প্রস্তুত করে বাড়ি বাড়ি বিতরণ করা হয়েছে। নাগরিকদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন সর্বদা কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব মো. সোহেল রানা, রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. এসআইএম রাজিউল করিম, আরএমপি’র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক ডা. কুস্তরী আমিনা কুইন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.