রাজশাহীতে শীতের আগমনী বার্তা, কুয়াশার চাদরে মোড়ানো সকাল
মৌসুমের প্রথম কুয়াশায় রাজশাহীর সকালজুড়ে স্নিগ্ধতা — কমতে শুরু করেছে তাপমাত্রা
রাজশাহীতে নেমে এসেছে শীতের আগমনী বার্তা। সোমবার (৩ নভেম্বর) ভোর থেকেই শহর ও আশপাশের গ্রামগুলো ঢেকে যায় ঘন কুয়াশার চাদরে। মৌসুমের প্রথম কুয়াশায় সকালজুড়ে ছিল এক স্নিগ্ধ ও শান্ত পরিবেশ।
ভোরের আলো ফুটলেও চারপাশে ছিল কুয়াশার আবরণ, যেন প্রকৃতি নিজেই জানিয়ে দিচ্ছে—‘আসছে শীত’। শহরের রাস্তায় চলাচলরত যানবাহনগুলোকে দেখা গেছে হেডলাইট জ্বালিয়ে এগোতে।
গ্রামের মাঠে শিশিরভেজা ঘাসে খেলায় মেতে উঠেছে শিশুদের দল। মাকড়সার জালে ঝুলে থাকা শিশিরবিন্দু, ধূসর আকাশ আর সূর্যের ম্লান আলো মিলেমিশে সৃষ্টি করেছে এক অপূর্ব শীতের দৃশ্যপট।
শহরের রেলগেট এলাকায় কাজের খোঁজে আসা শ্রমিক আবদুল জব্বার বলেন, “আজকের সকালেই প্রথমবার শীতের ছোঁয়া টের পেলাম। মনে হচ্ছে, এখন থেকে ঠান্ডা দিন দিন বাড়বে।”
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, সোমবার ভোরে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
তিনি বলেন, “তাপমাত্রা এখন থেকে ধীরে ধীরে কমবে, বাড়বে শীতের প্রভাব।”
রাজশাহীতে সাধারণত নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শীতের সূচনা হয়। এবারও সেই ধারাবাহিকতায় কুয়াশার উপস্থিতি জানিয়ে দিল—শীত আর বেশি দূরে নয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.