
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় একটি সরকারি কলেজে ঢুকে ভাঙচুর, মারপিট ও এক শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত আকবর আলী দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। পরীক্ষাকেন্দ্র হওয়ায় কলেজ ও আশপাশের ১০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি ছিল এবং সকাল থেকেই সেখানে পুলিশ মোতায়েন ছিল।
শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ, দুপুরের দিকে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের কক্ষে গিয়ে পূর্বের আয়-ব্যয়ের হিসাব নিয়ে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তারা প্রভাষক আলেয়া খাতুন হীরাকে মারধর করেন। পরে আরও নেতাকর্মী এসে অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষকের ওপর হামলা চালায় এবং অফিস কক্ষে ভাঙচুর করে।
এ ঘটনায় আহত হয়েছেন অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরা, অধ্যাপক রেজাউল করিম আলমসহ আরও কয়েকজন। আহতদের মধ্যে কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রভাষক আলেয়া খাতুন হীরা অভিযোগ করেন, কলেজে এসে বিভিন্ন সময় হিসাবের নামে চাঁদা দাবি করা হতো। এর প্রতিবাদ করায় তিনি হামলার শিকার হয়েছেন।
তবে অভিযুক্ত আকবর আলী তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, কলেজের আগের অনিয়ম-দুর্নীতির হিসাব চাইতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। তার দাবি, প্রথমে তাদের ওপর হামলা করা হয়েছে।
অধ্যক্ষ আব্দুর রাজ্জাক জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন পক্ষ থেকে চাঁদা দাবি করা হচ্ছিল। তা প্রত্যাখ্যান করায় বিরোধের সৃষ্টি হয়।
দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ আগে থেকেই সেখানে অবস্থান করছিল। তবে কিছু ব্যক্তি জোরপূর্বক প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.