
রাজশাহী নগরীতে একটি স্কুটিতে অজ্ঞাতভাবে লাগিয়ে দেওয়া একটি ডিভাইসকে বোমা মনে করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হয়, সেটি আসলে মোটরসাইকেলে ব্যবহৃত একটি মিউজিক ডিভাইস।
বৃহস্পতিবার (২ জুলাই) রাত ১০টার দিকে নগরীর সাহেববাজার আরডিএ মার্কেটের নিচতলার ৭ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে অজ্ঞাত এক যুবক একটি স্কুটিতে ডিভাইসটি লাগিয়ে দ্রুত চলে যান। কিছুক্ষণ পর স্কুটির মালিক ডিভাইসটি দেখতে পেয়ে সেটিকে বোমা সন্দেহ করে আতঙ্কিত হন। বিষয়টি দ্রুত আশপাশে ছড়িয়ে পড়লে পুরো মার্কেট এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে আরএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ডিভাইসটি পরীক্ষা করে।
আরএমপির মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, ডিভাইসটি মোটরসাইকেলে ব্যবহৃত একটি মিউজিক ডিভাইস। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আতঙ্ক সৃষ্টি করতেই এক যুবক ইচ্ছাকৃতভাবে এটি স্কুটিতে লাগিয়ে দিয়েছিল। পরীক্ষা শেষে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে।
তিনি আরও বলেন, জনমনে অযথা আতঙ্ক সৃষ্টি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করা গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.