রাজশাহীতে প্রেমিকার আপত্তিকর ছবি ছড়ানোর অপরাধে যুবকের কারাদণ্ড!
এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে প্রেমিকার আপত্তিকর ছবি ছড়ানোর অপরাধে যুবকের কারাদণ্ড! রাজশাহীতে প্রেমিকার আপত্তিকর ছবি ফেসবুকে ছড়ানোর দায়ে এক যুবককে আলাদা দুইটি ধারায় এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৩১ জুলাই) দুপুরে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোঃ জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। তবে দুই মেয়াদে সাজা দেওয়া হলেও তা একসঙ্গে চলবে বলেও রায়ে উল্লেখ করা হয়েছে।
রায়ে কারাদণ্ডের পাশাপাশি সঙ্গে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক। কারাদণ্ডপ্রাপ্ত যুবক নাটোর জেলার সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া বাজার এলাকার বাসিন্দা মিজানুর রহমান ওরফে বাবু। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিল। রায়ে বলা হয়, মূল সাজা এ মামলায় আসামির গ্রেপ্তারের পরের হাজতবাস মূলে বাদ যাবে।
রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইসমত আরা বেগম এ তথ্য নিশ্চিত করে বলেন, পাশের জেলা নাটোরের এক তরুণীর সঙ্গে প্রেম ছিল মিজানুরের। কিন্তু মিজানুর রহমানের স্বভাব চরিত্র ভালো না হওয়ায় শেষ পর্যন্ত তার সঙ্গে বিয়ে দিতে রাজি হয়নি তরুণীর পরিবার। তাই ক্ষুব্ধ হয়ে মিজানুর রহমান ২০২২ সালের ২৩ মে গোপনে তোলা ওই তরুণীর বেশ কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফেসবুকে ছড়িয়ে দেন। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী ডিজিটাল নিরাপত্তা আইনে প্রেমিক মিজানুরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত তা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ মামলার তদন্ত করার নির্দেশ দেন। পরে তদন্তে এ অভিযোগের সত্যতা পাওয়ায় মিজানুরকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পিবিআই। এরপর মামলার বিচার শুরু হয়।
বিচার চলাকালে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আজ সোমবার দুপুরে এই রায় ঘোষণা করেন আদালতের বিচারক।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.