
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর দুটি আসনে পরাজিত বিএনপির প্রার্থীরা ভোট পুনরায় গণনার দাবিতে আবেদন করেছেন। রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) ও রাজশাহী-৪ (বাগমারা) আসনের বিএনপি প্রার্থীরা পৃথকভাবে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন জমা দেন।
রাজশাহী-১ আসনের বিএনপি প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন শুক্রবার রাতে এবং রাজশাহী-৪ আসনের বিএনপি প্রার্থী ডিএমডি জিয়াউর রহমান শনিবার আবেদন করেন।
ডিএমডি জিয়াউর রহমান তার আবেদনে অভিযোগ করেন, নির্বাচনে বিভিন্ন ধরনের অনিয়ম, ভোট কারচুপি এবং প্রশাসনের কিছু অংশের ভীতি প্রদর্শনের মাধ্যমে বিতর্কিত ফলাফল ঘোষণা করা হয়েছে। তিনি পোস্টাল ব্যালট গণনাসহ কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলে ধরেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জের মাধ্যমে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে বলেও উল্লেখ করেন।
অন্যদিকে শরীফ উদ্দীন তার আবেদনে দাবি করেন, নির্বাচনে প্রায় ৮ হাজার ভোট বাতিল ঘোষণা করা হয়েছে, যা অস্বাভাবিক ও প্রশ্নবিদ্ধ। তিনি অভিযোগ করেন, কিছু কেন্দ্রে প্রিসাইডিং অফিসারদের ভূমিকা পক্ষপাতদুষ্ট ছিল এবং নির্দিষ্ট কয়েকটি কেন্দ্রে অস্বাভাবিকভাবে ফলাফল পরিবর্তনের ঘটনা ঘটেছে। এতে নির্বাচনী ‘ইঞ্জিনিয়ারিং’-এর আলামত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
আবেদন দুটি পাওয়ার পর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতার বিষয়টি নিয়ে পরবর্তী নির্দেশনার জন্য নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠিয়েছেন।
উল্লেখ্য, রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী শরীফ উদ্দীন ১ হাজার ৮৮৪ ভোটের ব্যবধানে পরাজিত হন। এ আসনে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান। অন্যদিকে রাজশাহী-৪ আসনে বিএনপির প্রার্থী ডিএমডি জিয়াউর রহমান ৫ হাজার ৭৬৫ ভোটে জামায়াত প্রার্থী ডা. আব্দুল বারীর কাছে পরাজিত হন।
রাজশাহীর ছয়টি আসনের মধ্যে বাকি চারটিতে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.