
নওগাঁর মান্দায় নিম্নমানের উপকরণ ব্যবহার করে সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাতবাড়িয়া-প্রসাদপুর খেয়াঘাট সড়কের শয়তানের মোড় থেকে শুটকির মোড় পর্যন্ত প্রায় ১ হাজার ৬০০ মিটার রাস্তা পাকাকরণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দরপত্র আহ্বান করে। প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে কাজটি পায় কুষ্টিয়ার ‘সৈকত এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। আগামী জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
অভিযোগ উঠেছে, কাজের শুরু থেকেই সাব-ঠিকাদার নুরজাহান বিকসের মালিক মিলন হোসেন নিম্নমানের উপকরণ ব্যবহার করছেন। স্থানীয়দের দাবি, বালুর পরিবর্তে বিলের মাটি ব্যবহার করা হচ্ছে। এছাড়া ভাঙা ইটভাটা থেকে সংগৃহীত নিম্নমানের ইট, চিমনির খোয়া এবং পুরোনো রাস্তা থেকে তুলে আনা পাথর ও বিটুমনযুক্ত খোয়া ব্যবহার করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ফিরোজ হোসেন বলেন, “শুরু থেকেই আমরা ঠিকাদারকে সতর্ক করেছি। কিন্তু তিনি কোনো কথা শোনেননি। নিম্নমানের উপকরণ দিয়ে কাজ করলে রাস্তা দ্রুত নষ্ট হয়ে যাবে। তাই বাধ্য হয়ে আমরা কাজ বন্ধ করে দিয়েছি।”
অভিযোগের বিষয়ে ঠিকাদার মিলন হোসেন বলেন, “নিয়ম মেনেই কাজ করা হচ্ছে। তবে সামান্য ত্রুটি থাকতে পারে। কোনো উপকরণে সমস্যা থাকলে তা সরিয়ে নেওয়া হবে।”
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আবু সায়েদ বলেন, “রাস্তা নির্মাণে কিছু অনিয়মের সত্যতা পাওয়া গেছে। নিম্নমানের উপকরণ সরিয়ে নেওয়ার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।”
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.