
সাকিব আল হাসান মনে করেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করা ছিল একটি ‘মারাত্মক ভুল’। ভারতের মাটিতে অনুষ্ঠিত ওই বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত দেশের ক্রিকেটের জন্য বড় ক্ষতি বলে মন্তব্য করেছেন সাবেক এই অধিনায়ক।
মূলত মোস্তাফিজুর রহমান-কে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে সৃষ্ট অসন্তোষের প্রেক্ষাপটে বাংলাদেশ দল বিশ্বকাপে অংশ নেয়নি বলে আলোচনা ছিল। তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার দেশের গৌরব ও নিরাপত্তার বিষয়টি সামনে এনে এই সিদ্ধান্ত নেয় বলে জানানো হয়। তবে সেই সিদ্ধান্ত এখন নানা মহলে প্রশ্নবিদ্ধ।
মুম্বাইয়ে এক অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাকিব বলেন, “বাংলাদেশের মতো একটি ক্রিকেটপ্রেমী দেশের বিশ্বকাপে না খেলা বড় অপূর্ণতা। খেলোয়াড়দের বিশ্বমঞ্চে দেখতে চায় দেশের মানুষ। সরকারের পক্ষ থেকে এটি ছিল একটি মারাত্মক ভুল সিদ্ধান্ত।”
নিজের ক্যারিয়ার প্রসঙ্গে কথা বলতে গিয়ে ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার জানান, দেশের মাটিতে একটি টেস্ট ম্যাচ খেলে বিদায় নেওয়ার ইচ্ছা রয়েছে তার। তবে বিষয়টি সময়ের ওপরই ছেড়ে দিয়েছেন তিনি।
“আজ হোক বা কাল পরিস্থিতির উন্নতি হবে। সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যায়। আমি আশাবাদী, আমি যে সম্মানজনক বিদায় চাই, তা পাবো,”—যোগ করেন তিনি।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন সাকিব। সম্প্রতি তামিম ইকবাল তিন মাসের জন্য বোর্ড সভাপতির দায়িত্ব নিয়েছেন এবং আসন্ন নির্বাচনেও অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
সাকিব মনে করেন, তামিম দীর্ঘমেয়াদে দায়িত্ব পেলে বাংলাদেশ ক্রিকেট উপকৃত হবে। “আমার মনে হয়, তিনি সভাপতি নির্বাচিত হলে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করবেন। এতে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হবে,”—বলেন সাবেক এই অধিনায়ক।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.