
রমজানে বাজার তদারকিতে গিয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর অসাধু ব্যবসায়ীদের প্রকাশ্য হুমকি ও মব সৃষ্টির চেষ্টার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহী জেলা শাখা। সংগঠনের নেতারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্যাব রাজশাহীর সহ-সভাপতি মিজানুর রহমান।
মানববন্ধনে বক্তারা বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রবণতা দীর্ঘদিনের। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে। ক্যাব রাজশাহীর উপদেষ্টা লিয়াকত আলী বলেন, “বাজার মনিটরিং শুধু প্রশাসনিক কাজ নয়, এটি জনস্বার্থ রক্ষার সাংবিধানিক দায়িত্ব। সেই দায়িত্ব পালনে বাধা দেওয়া অত্যন্ত নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ।”
লিখিত দাবি পাঠ করেন ক্যাব রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। তিনি বলেন, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারি মনিটরিং কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর প্রকাশ্যে হুমকি ও মব সৃষ্টির চেষ্টা আইনের শাসনের প্রতি সরাসরি চ্যালেঞ্জ।
তিনি আরও বলেন, “এ ধরনের ঘটনা শুধু একজন কর্মকর্তার প্রতি অবমাননা নয়, এটি রাষ্ট্রীয় কর্তৃত্ব ও আইনের শাসনের জন্য অশনিসংকেত। যদি অসাধু ব্যবসায়ীরা সংগঠিত হয়ে প্রশাসনিক কার্যক্রমে বাধা দেয়, তাহলে ভোক্তাদের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”
বক্তারা জানান, গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর চকবাজার থানাধীন মৌলভীবাজার এলাকায় দ্রব্যমূল্য পরিস্থিতি তদারকির লক্ষ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল অভিযান পরিচালনা করেন। অভিযানকালে অনিয়মের প্রমাণ পাওয়ায় মেসার্স দেওয়ান ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় গত ১০ দিনের ব্যবধানে ছোলার দাম কেজি প্রতি ৫ টাকা বৃদ্ধির বিষয়টি সামনে আসে। সংশ্লিষ্ট ব্যবসায়ী ক্রয়মূল্য বেশি বলে দাবি করলেও কোনো ক্যাশ মেমো দেখাতে পারেননি।
অভিযোগ রয়েছে, মোহাম্মদ আলী ভূট্টো নামের এক ব্যক্তি নিজেকে ব্যবসায়ী সমিতির সভাপতি পরিচয় দিয়ে ম্যাজিস্ট্রেটকে হুমকি দেন এবং অন্য ব্যবসায়ীদের ডেকে মব সৃষ্টির চেষ্টা করেন। দোকানপাট বন্ধের ঘোষণাও দেওয়া হয় বলে জানা গেছে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
মানববন্ধন থেকে কয়েক দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো— জেলা কার্যালয় থেকে পরিচালিত বাজার তদারকি অভিযানে সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা নিশ্চিত করা; অভিযানে বাধা, হুমকি বা বিশৃঙ্খলার চেষ্টা হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ; জেলা প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম জোরদার; ব্যবসায়ীদের আইন মেনে চলতে বাধ্য করতে প্রয়োজনীয় সতর্কতা ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ; এবং ঢাকায় সৃষ্ট অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি রোধে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করা।
মানববন্ধনে আরও বক্তব্য দেন ক্যাব রাজশাহীর যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আলম মাসুদ, সাংগঠনিক সম্পাদক সুভাষচন্দ্র হেমব্রম, ক্যাব ইউথ রাজশাহীর সভাপতি জুলফিকার আলী হায়দার, পবা উপজেলা ক্যাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম, মোহনপুর উপজেলার সভাপতি রুবেল সরকার এবং সদস্য মোহনা ও পলি প্রমুখ।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.