বাগাতিপাড়ায় শয়ন কক্ষে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
বাগাতিপাড়ায় শয়ন কক্ষে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু! নাটোরের বাগাতিপাড়ায় শোবার ঘরে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ৭০ বছর বয়সী ফিরোজা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। খবর পেয়ে দমকল বাহিনী ও থানা পুলিশ ঘটনাস্থলে যান।
শুক্রবার (১০ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের সোনাপুর হিজলী পাবনা পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় মহিলা ইউপি সদস্য জাহানারা বেগম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনি সকাল ৬টার দিকে সেখানে উপস্থিত হন। আগুন নেভানোর পরে দেখেন ফিরোজা আগুনে পুড়ে কঙ্কাল হয়ে গেছেন। নিহত ফিরোজা বেগম ওরফে হেরেজা ওই গ্রামের মৃত আদম আলী মুন্সির বিধবা মেয়ে এবং সুরত আলী ও বাচ্চু আলীর বড় বোন ছিলেন। তার স্বামী সন্তান না থাকায় তিনি একাই সেখানে থাকতেন। তার দাফনের জন্য কিছু টাকা গচ্ছিত রেখেছিলেন ভাইদের কাছে। সেটা দিয়েই হেরেজার কাফন-দাফন করা হবে বলেও জানান এই ইউপি সদস্য।
মৃতের দুই ভাই সুরত আলী ও বাচ্চু আলী এবং স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ফজরের নামাজের পর শীত নিবারনের জন্য ফিরোজাকে আগুন তাপাতে দেখেন তার ভাই সুরত আলী। তার কিছুক্ষণ পরেই স্থানীয়রা ফিরোজার ঘরে আগুন দেখতে পান। এ সময় তাদের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং হেরেজা কে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু আগুন নেভাতে বা তাকে উদ্ধার করতে পারেনি। পরে স্থানীয়দের খবর পেয়ে বাগাতিপাড়া ফায়ার সার্ভিসের দল সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ফিরোজার মৃতদেহ উদ্ধার করেন।
দমকল বাহিনীর টিম লিডার নূরুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ৭০ বছর বয়সী ফিরোজা বেগম ওরফে হেরেজা কিছুটা মানসিক রোগী ছিলেন। স্বামী সন্তান না থাকায় বাবার ভিটায় বসবাস করতেন। তিনি শীতে আগুন তাপানোর জন্য ঘরের মধ্যে একটি পাত্রে কিছু আগুন রাখতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসাবধানতাবশত ওই আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ঘরের ভিতর শুকনো পাটখড়ির বোঝা থাকায় মূহুর্তেই তা ছড়িয়ে পড়ে এবং তিনি দগ্ধ হয়ে নিহত হয়েছেন। এদিন সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ফিরোজা বেগমের লাশ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, শুক্রবার সকালে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের সোনাপুর হিজলী পাবনা পাড়া গ্রামে বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে দাফনের জন্য মরদেহটি পরিবারের কাছে দেওয়া হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.