
রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকায় বালুবাহী ট্রাকচাপায় নিহত চারজনের একজন নাটোরের বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের সেন্টু (৪৫)। নিহতের মরদেহ বাড়িতে আনার পর গোসলের প্রস্তুতিকালে দুটি পায়ের পরিবর্তে তিনটি পা পাওয়ায় দাফনের আগে চরম বিপাকে পড়েন তার পরিবার ও স্বজনরা।
নিহত সেন্টু সালাইনগর গ্রামের সৈয়ম উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে ঝলমলিয়া এলাকায় ভয়াবহ ওই দুর্ঘটনার পর পুঠিয়া হাইওয়ে থানা পুলিশ নিহতদের পরিচয় নিশ্চিত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন। পরে মরদেহ বাড়িতে এনে গোসলের প্রস্তুতির সময় এ অস্বাভাবিক বিষয়টি নজরে আসে।
স্থানীয় মসজিদের মুয়াজ্জিন ঝন্টু আলী জানান, মরদেহ গোসলের জন্য প্যাকেট খুলতেই তিনি দুটি পায়ের পরিবর্তে তিনটি পা দেখতে পান। বিষয়টি সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যদের জানানো হয়। পরে পরিবার পুলিশের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি অবহিত করে।
নিহতের চাচাতো ভাই কামরুল ইসলাম জানান, কিছুক্ষণের মধ্যেই পুলিশের পক্ষ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানানো হয়- দুর্ঘটনায় আহত আরেকজন ব্যক্তির দুই পা-ই বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তার পরিবারের সদস্যরা বিচ্ছিন্ন পাগুলোর সন্ধান করছে। এরপর সেন্টুর মরদেহের সঙ্গে অতিরিক্ত একটি পা থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
পুলিশ পরে সংশ্লিষ্ট আহত ব্যক্তির পরিবারকে বিষয়টি জানালে তারা অতিরিক্ত পা বুঝে নিতে রওনা দিয়েছেন বলে জানানো হয়। এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এদিকে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দুই পা হারানো ব্যক্তির নাম রায়হান হোসেন। তার ভাতিজা অনিক জানান, দুর্ঘটনায় রায়হানের এক হাতের কব্জি ও দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার দিন সন্ধ্যায় মারা যান। রয়েছেন। পুলিশের কাছে পায়ের খোঁজ করলে তারা জানায়, একটি পা নিহত সেন্টুর বাড়িতে রয়েছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা তা সংগ্রহে রওনা হয়েছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে ঝলমলিয়া এলাকায় বালুবাহী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই চারজন নিহত হন। স্থানীয়দের ধারণা, দুর্ঘটনার পর মরদেহ দ্রুত উদ্ধারের সময় বিভ্রান্তির কারণে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.