বাগাতিপাড়ায় মহন হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় আলোচিত মহন হত্যা মামলার অন্যতম তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে ঢাকার আশুলিয়া জিরানি বাজার এলাকা থেকে র্যাবের সহায়তায় তাদের গ্রেফতারের পর সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন পার্শ্ববর্তী রাজশাহীর বাঘা উপজেলার খাগড়বাড়িয়ার মোস্তাক এবং বাগাতিপাড়া উপজেলার চকমহাপুর এলাকার ইশতিয়াক ও আল-আমিন। বাগাতিপাড়া মডেল থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ১৯ এপ্রিল দায়ের করা মহন হত্যা মামলার প্রধান তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে। মামলার পর থেকে তারা আত্মগোপনে ছিলেন। র্যাব-১ ও বাগাতিপাড়া মডেল থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে ঢাকা থেকে তাদের গ্রেফতার করে বাগাতিপাড়া মডেল থানায় আনা হয়। পুলিশ আরও জানায়, ২০২১ সালের ১১ জুলাই বাগাতিপাড়া উপজেলার সীমান্তবর্তী রাজশাহী বাঘা উপজেলার হরিপুরের কলেজ ছাত্র জাকির হত্যাকান্ডের আসামী ছিলেন নিহত মহন আলী।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল সন্ধ্যায় ভ্যান মেরামতের জন্য মহন আলী পার্শ্ববর্তী বাঘা উপজেলার খাগড়বাড়িয়া বাজারে যান। রাত ১০ দিকে বাগাতিপাড়া উপজেলার চকমহাপুর এলাকায় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুত্বর আহত করে মহনকে ফেলে রাখা হয়। খবর পেয়ে স্বজনরা উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরে সেখান থেকে ওই রাতেই তাকে ঢাকায় নেওয়ার পথে ভোরে তিনি মারা যান। এ ঘটনায় নিহত মহনের মামা আয়নাল হক বাদি হয়ে বাগাতিপাড়া মডেল থানায় ১৯ এপ্রিল একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় চারজনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করা হয়। মামলায় ধারালো অস্ত্র দিয়ে মহনকে কুপিয়ে হত্যার অভিযোগ আনা হয়। এদিকে নিহতের মা হনুফা বেগম শুরু থেকেই দাবি করছেন, ছাত্র জাকির হত্যা মামলার আসামী হওয়ায় তার ছেলে মহন কারাগারে ছিল। প্রায় চারমাস পূর্বে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরলে পূর্ব পরিকল্পিতভাবে জাকিরের স্বজনরা তার ছেলে মহনকে কুপিয়ে হত্যা করে।
এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান জানান, ভ্যানচালক মহন হত্যাকান্ডের এজাহার নামীয় প্রধান তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, নিহত মহন আলী উপজেলার চকমহাপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.