
নাটোরের বাগাতিপাড়ায় হঠাৎ বিষক্রিয়ায় এক কৃষকের তিনটি গরুর মৃত্যু ঘটেছে। নিহত গরুগুলোর মধ্যে একটি বকনা এবং দুটি গাভী ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, মরা গাভী দুটি প্রায় ৫-৬ মাসের অন্তঃসত্ত্বা ছিল।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার বাগাতিপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আরাজি মাড়িয়া নওশেরা এলাকায় কৃষক ভুদেব চন্দ্র মণ্ডল (৬০) এর বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি মৃত উদয় চন্দ্র মণ্ডলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়িতে লোকজনের উপস্থিতি কম ছিল। স্ত্রী পুষ্পরানী (৫০) ও পুত্রবধূ অনিকা রানী (২২) বাড়িতেই ছিলেন। বাড়ির পেছনের দরজা খোলা ছিল এবং ছেলে জমি থেকে টমেটো আনা-নেওয়ার কাজে ব্যস্ত ছিলেন।
দুপুর আনুমানিক ৩টার দিকে হঠাৎ গরুগুলো ছটফট করতে শুরু করে। পরে দ্রুত স্থানীয় পল্লী পশু চিকিৎসককে খবর দেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় পর্যায়ক্রমে দুটি অন্তঃসত্ত্বা গাভী ও একটি বকনা গরুর মৃত্যু হয়।
স্থানীয় পশু চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন, বিষক্রিয়া কারণেই গরুগুলো মারা গেছে। পরিবারের সদস্যদেরও সন্দেহ, বাড়ির পেছনের দরজা খোলা ও কম লোকজন থাকার সুযোগে কেউ শত্রুতাবশত এ ঘটনা ঘটাতে পারে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, "দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়ার পর হঠাৎ বৃষ্টি হলে ঘাসে বিষক্রিয়া সৃষ্টি হতে পারে, যা অনেকটা অ্যাসিড বৃষ্টির মতো প্রভাব ফেলে। ওই ঘাস গরু খেলে নাক-মুখ দিয়ে রক্ত বের হতে পারে এবং মৃত্যুও ঘটতে পারে। এ ঘটনাটিও সেই ধরনের হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।"
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হান্নান জানান, এ বিষয়ে এখনও থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.