
নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। বিদায়ী শিক্ষার্থীদের সম্মানে আয়োজিত এ অনুষ্ঠানে র্যালি, বৃক্ষরোপণ, গ্রাজুয়েশন ডিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা ও বিদায়ী শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাসের প্লাজা থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। পরে ক্যাম্পাস প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিদায়ী শিক্ষার্থীদের সুখ, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষাজীবনের অভিজ্ঞতা ও অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। বাউয়েটের শিক্ষার্থীরা দেশ-বিদেশে বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়ে দেবে বলে আমি আশাবাদী।”
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং, সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ মনজিনুল মুবীন, বিভাগীয় প্রধান, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
এর আগে গত ১২ মে আইসিই বিভাগের সহকারী অধ্যাপক এ বি এম কবির হোসেইন–এর সঞ্চালনায় বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান ও গ্রাজুয়েশন ডিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
এছাড়া ১৩ মে বাউয়েট কালচারাল ক্লাব এবং সোনার বাংলা সার্কাস ব্যান্ড দলের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগীত, নৃত্য ও পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। বিদায়ী শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.