
রাজশাহীর গোদাগাড়ীসহ সমগ্র বরেন্দ্র অঞ্চলের রুক্ষ ও লাল মাটিতে বাণিজ্যিকভাবে আঙুর চাষের নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। কৃষি বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত সূর্যালোক, উপযুক্ত জাত নির্বাচন এবং সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে এ অঞ্চলে আঙুরের ভালো ফলন পাওয়া সম্ভব। চলতি মৌসুমে পরীক্ষামূলক চাষেই কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।
গোদাগাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় মোট ১ বিঘা ২ কাঠা জমিতে পরীক্ষামূলকভাবে আঙুর চাষ করা হয়েছে। প্রথমবারেই আশাব্যঞ্জক ফলন ও ভালো বাজারমূল্য পেয়ে স্থানীয় কৃষকদের মুখে হাসি ফুটেছে।
দেওপাড়া ইউনিয়নের ঈশ্বরীপুর গ্রামের কৃষক মনিরুজ্জামান মনি এক বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে আঙুর চাষ শুরু করেন। তিনি বলেন, রুক্ষ মাটিতে আঙুরের এমন ফলন হবে ভাবিনি। বাজারেও ভালো সাড়া পাচ্ছি। এতে আগামীতে আরও বড় পরিসরে আঙুর চাষে উৎসাহ পাচ্ছি।
অন্যদিকে, গোদাগাড়ী পৌর এলাকার আলীপুর গ্রামের কৃষক সাব্বির হোসেন তাঁর বসতভিটার দুই কাঠা ফাঁকা জমিতে আঙুর চাষ করে সাফল্য পেয়েছেন। তিনি জানান, তাঁর বাগানের উৎপাদিত আঙুর প্রতি কেজি ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। লাভজনক হওয়ায় আগামী মৌসুমের জন্য ইতোমধ্যে আরও তিন বিঘা জমিতে বাণিজ্যিকভাবে আঙুর চাষের উদ্দেশ্যে চারা রোপণ সম্পন্ন করেছেন।
গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ বলেন, পরীক্ষামূলক চাষে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, বরেন্দ্র অঞ্চলের মাটি আঙুর চাষের জন্য বেশ উপযোগী। প্রথমবারের এ সাফল্য পুরো বরেন্দ্র অঞ্চলে বাণিজ্যিক আঙুর চাষের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.