পশ্চিম রেলে দুদকের অনুসন্ধান শুরু, কেনাকাটায় ৪ কোটি টাকা নয়ছয়
পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন কেনাকাটায় প্রায় ৪ কোটি টাকা নয়ছয়ের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযোগে বলা হয়েছে, ২০২১-২২ অর্থবছরে রেলওয়ের পাথর, ট্রেন মেরামতের যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম কেনার ক্ষেত্রে অস্বাভাবিক মূল্য দেখিয়ে বিপুল অর্থ আত্মসাৎ করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে দুদকের রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমীর হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি এনফোর্সমেন্ট দল পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপকের কার্যালয়ে অভিযান চালায়। এ সময় দলটি সংশ্লিষ্ট বিভিন্ন ক্রয় সংক্রান্ত নথি ও রেকর্ড সংগ্রহ করে।
দলের প্রধান আমীর হোসেন বলেন, “অডিট রিপোর্টে দেখা গেছে, রেলওয়ে কর্তৃপক্ষ ২০২১-২২ অর্থবছরে রেল ট্র্যাকের পাথর, ট্রেন মেরামতের যন্ত্রপাতি, পরিস্কার-পরিচ্ছন্নতার উপকরণ, প্রিন্টার, ওয়াকি-টকি ব্যাটারি, টেলিভিশন, পোশাক, ফ্লোর ম্যাট ও কাগজসহ বেশ কয়েকটি আইটেমের মূল্য অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেখিয়েছে। সেই ভিত্তিতেই আমরা অভিযান পরিচালনা করেছি।”
তিনি আরও বলেন, “২০২১ সালে অডিট আপত্তি তোলার পরও রেলওয়ে কর্তৃপক্ষ তা সমাধান করেনি। এজন্য দুদক এখন তদন্তে নেমেছে। সংগৃহীত নথিগুলো যাচাই করে অনিয়মের প্রমাণ মিললে প্রতিবেদন তৈরি করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।”
এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফারিদ আহমেদ বলেন, “আমি সম্প্রতি এই অফিসে যোগদান করেছি, কয়েক বছর আগের অনিয়ম সম্পর্কে অবগত নই। দুদক দল ২০২১-২২ অর্থবছরের ক্রয় সংক্রান্ত নথি চেয়েছিল, আমরা সেগুলো সরবরাহ করেছি। এখন তারা তাদের নিয়মে সেগুলো যাচাই করবে।”
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.