পবায় ৩৯৮ পরিবারে মাঝে যাকাতের ৪৬ লাখ টাকা বিতরণ
দারিদ্র্য বিমোচন ও মানব উন্নয়নের লক্ষ্য নিয়ে রাজশাহীর পবা উপজেলায় বাস্তবায়িত সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর ‘জীবিকা পবা প্রকল্প’-এর দ্বিতীয় দফা তহবিল হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বেলা ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে ৩৯৮টি অসহায় পরিবারের হাতে ৪৬ লাখ ৮৫ হাজার টাকার যাকাত তহবিল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান জাহান বকস মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন জীবিকা পবা প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার আব্দুল ওয়াদুদ।
এসময় প্রকল্পভুক্ত কয়েকজন নারী সদস্য নিজেদের স্বাবলম্বী হওয়ার অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরেন। তাদের বক্তব্যে উঠে আসে জীবিকা প্রকল্পের মাধ্যমে নতুন জীবনের আশা ও পরিবারের স্বপ্ন পূরণের অনুপ্রেরণা।
সিজেডএম-এর সহকারী মহাব্যবস্থাপক এনামুল হক এবং হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স কর্নেল (অব.) মোঃ জাকারিয়া হোসেন প্রকল্পের সার্বিক কার্যক্রম তুলে ধরেন।
তারা জানান, ২০০৮ সাল থেকে সিজেডএম শিক্ষা, স্বাস্থ্য ও জীবিকা উন্নয়নের মাধ্যমে প্রায় ১৭ লাখ মানুষের কাছে সেবা পৌঁছে দিয়েছে।
অনুষ্ঠানে উপস্থাপিত প্রতিবেদনে জানানো হয়, সিজেডএম প্রকল্পের মাধ্যমে খাদ্য, ওষুধ, কম্বল ও শিক্ষা সহায়তা, ঘর নির্মাণ, স্বাস্থ্য ক্যাম্প, মাতৃসেবা ও চক্ষু চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া স্যানিটারি ল্যাট্রিন বিতরণ, টিউবওয়েল স্থাপন, গবাদিপশু পালন, কৃষি, ক্ষুদ্র ব্যবসা, মাছ চাষ, হাঁস-মুরগি পালনসহ বহুমুখী আয়ের সুযোগ তৈরি করা হয়েছে।
এছাড়া ভিক্ষাবৃত্তি থেকে মুক্তি, সুদমুক্ত ঋণ প্রদান ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণও নিয়মিতভাবে দেওয়া হচ্ছে।
সমাপনী বক্তব্যে চেয়ারম্যান জাহান বকস মণ্ডল বলেন- “সিজেডএম জীবিকা প্রকল্প শুধু অর্থ সহায়তাই দিচ্ছে না, এটি মানুষের আত্মবিশ্বাস ফিরিয়ে আনছে, নতুন জীবনের স্বপ্ন দেখাচ্ছে। পবা থেকে যে আলোর শিখা জ্বলেছে, তা একদিন সারা দেশে ছড়িয়ে পড়বে।”
অনুষ্ঠান শেষে ১৪টি দলের নেত্রীদের হাতে তহবিলের চেক হস্তান্তর করা হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.