
ঐতিহাসিক পদ্মা নদীসহ দেশের সব নদ-নদী রক্ষা, নাব্যতা সংকট দূর, নদীদখল ও দূষণ প্রতিরোধ এবং আন্তর্জাতিক অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন।
শুক্রবার (৩ জুলাই) সকাল ৬টায় নগরের লালনশাহ মুক্তমঞ্চ থেকে সাড়ে ৭ কিলোমিটার দীর্ঘ এই মিনি ম্যারাথনের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথনের আয়োজন নদী রক্ষায় জনসচেতনতা তৈরির একটি শক্তিশালী সামাজিক আন্দোলন। সম্মিলিত সচেতনতা, দায়িত্ববোধ ও উদ্যোগের মাধ্যমে পদ্মাসহ দেশের সব নদ-নদীকে সুরক্ষিত রাখা সম্ভব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, নিরাপদ ও প্রাণবন্ত নদীব্যবস্থা গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানিয়ে সফল আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক।
মিনি ম্যারাথনটি লালনশাহ মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে ফুড অফিস মোড় ঘুরে পুনরায় মুক্তমঞ্চে এসে শেষ হয়। এতে বিভিন্ন বয়সের প্রায় ৫৫০ জন প্রতিযোগী অংশ নেন। তাদের মধ্যে প্রায় ১৩৫ জন ছিলেন নারী।
আয়োজকরা জানান, ‘রান ফর পদ্মা’ শুধু রাজশাহীর কোনো আয়োজন নয়; এটি বাংলাদেশের নদী, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার একটি জনসচেতনতামূলক আন্দোলন। নদী রক্ষার বিষয়টি শুধু পরিবেশগত নয়, বরং কৃষি, জীববৈচিত্র্য, জনজীবন ও দেশের অর্থনীতির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। তরুণ প্রজন্মসহ সাধারণ মানুষকে নদী রক্ষার আন্দোলনে সম্পৃক্ত করতেই এই মিনি ম্যারাথনের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথনের উপদেষ্টা ও দৈনিক সোনালী সংবাদ-এর সম্পাদক লিয়াকত আলী, রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, উপদেষ্টা রিক্তা পারভীন, আহ্বায়ক মো. জুলফিকার আলী হায়দার, যুগ্ম আহ্বায়ক মঈন বিন মোস্তফা, সদস্যসচিব মো. জাহিদুল ইসলাম সানি এবং আয়োজক কমিটির সদস্যরা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.