
পঞ্চগড়ে শেয়ালের কামড়ে শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেল পর্যন্ত উপজেলার অমরখানা ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে উত্তেজিত স্থানীয়রা শেয়ালটিকে পিটিয়ে হত্যা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে চা বাগান এলাকা থেকে একটি শেয়াল লোকালয়ে ঢুকে প্রথমে এক শিশুকে আক্রমণ করে। এরপর একে একে একাধিক ব্যক্তিকে কামড় দিয়ে আহত করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর স্থানীয়রা লাঠিসোটা নিয়ে শেয়ালটিকে ধরার চেষ্টা করলে সেটি আবারও কয়েকজনকে কামড় দেয়। একপর্যায়ে শেয়ালটিকে আটক করে পিটিয়ে হত্যা করা হয়।
আহতদের মধ্যে রয়েছেন গোয়ালপাড়া এলাকার ইসমাইল হোসেন (৪৫), বেলাল হোসেন (৪২), মফিজ উদ্দিন (৫০), আবদুর রাজ্জাক (৫১) এবং পাঁচ বছর বয়সী শিশু জুঁই আক্তারসহ মোট ৯ জন।
আহত ইসমাইল হোসেন বলেন, “এক শিশুকে কামড় দেওয়ার পর আমি শেয়ালটিকে তাড়াতে গেলে সেটি আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। আমার মুখের নিচে ও গালে একাধিক জায়গায় কামড় দেয়। পরে আরও কয়েকজনকে কামড় দেয়।”
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক মোকলেছুর রহমান জানান, শেয়ালের কামড়ে আহত কয়েকজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুজন ভর্তি রয়েছেন এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। আহতদের অধিকাংশই মুখ, কান ও গলায় আঘাত পেয়েছেন।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বন্যপ্রাণীর চলাচল নিয়ন্ত্রণ ও দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.