
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে ৩০টির বেশি এলাকায় হামলার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি দাবি করেন, নির্বাচনের ফলাফল ঘোষণার পর এনসিপির শতাধিক নেতাকর্মী হুমকির মুখে পড়েছেন এবং বিভিন্ন স্থানে নেতাকর্মী ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ভিডিও বার্তা ও পোস্টে তিনি এসব অভিযোগ করেন।
সারজিস আলম বলেন, “তারা নির্বাচিত হয়েছেন বলে প্রতিপক্ষ থাকবে না—এটা হতে পারে না। এটা স্বৈরাচারী চরিত্র।” তিনি আরও বলেন, বিএনপি যদি নব্য স্বৈরাচারী আচরণে ফিরে যায়, তাহলে জনগণ তা মেনে নেবে না।
তার অভিযোগ, নির্বাচনের ফল ঘোষণার পর অন্তত ৩০টি স্থানে এনসিপির নেতাকর্মী ও সমর্থকদের ওপর হামলা হয়েছে এবং অনেকে নিরাপত্তাহীনতায় এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।
তিনি বলেন, “যে যার পছন্দের দল করবে, রাজনীতি করবে। আমরা আশা করেছিলাম বিজয়ী দল গণতান্ত্রিক সংস্কৃতি অনুসরণ করবে। কিন্তু যদি আগের মতোই মামলা-হামলার রাজনীতি শুরু হয়, তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে।”
বিএনপির উদ্দেশে তিনি বলেন, “আপনারাও একসময় ভুক্তভোগী ছিলেন। যদি আবার একই পথে হাঁটেন, আমরা চুপ থাকবো না।”
এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে ধানের শীষ প্রতীকে ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.