
নিজের ও পরিবারের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন। উপদেষ্টা থাকাকালে ওঠা দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব প্রকাশ করেন।
আসিফ মাহমুদ জানান, তার বাবার পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টে মোট ৫ লাখ ৪৭ হাজার ৭১১ টাকা রয়েছে। বাবার প্রায় ১০ লাখ টাকার সার্ভিস লোন আছে, যার মধ্যে এখনো ৬ লাখ ৩৯ হাজার ৭৪৬ টাকা পরিশোধ বাকি। হিসাব অনুযায়ী তার বাবা বর্তমানে প্রায় ৮২ হাজার টাকা দেনায় আছেন। তার মায়ের একাউন্টে রয়েছে ২১ হাজার ১৫৪ টাকা এবং স্ত্রীর একাউন্টে ৬১৪ টাকা।
নিজের ব্যাংক হিসাব সম্পর্কে তিনি বলেন, তার ব্যক্তিগত দুটি একাউন্ট রয়েছে। এর মধ্যে সোনালী ব্যাংক-এ একটি সেভিংস অ্যাকাউন্টে রয়েছে ৯ হাজার ৯৩০ টাকা। অন্যটি স্যালারি অ্যাকাউন্ট, যেখানে সরকারে দায়িত্ব পালনকালে বেতন, টিএডিএ ও অন্যান্য ভাতা জমা হয়েছে।
তিনি জানান, ১৬ মাস দায়িত্ব পালনের সময় গড়ে প্রতি মাসে প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকা বেতন ও ভাতা পেয়েছেন। পাঁচবার বিদেশ সফরের টিএডিএ বিলসহ বিভিন্ন সরকারি ভাতা মিলিয়ে বর্তমানে তার স্যালারি অ্যাকাউন্টে রয়েছে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা। ওই অ্যাকাউন্টে মোট ক্রেডিট হয়েছে ৮৫ লাখ ৮১ হাজার টাকা এবং ডেবিট হয়েছে ৭৬ লাখ ৩ হাজার টাকা। তার দাবি, সব লেনদেন সরকারের ‘আইবাস প্লাস প্লাস’ সিস্টেমের মাধ্যমে হয়েছে এবং এর সম্পূর্ণ রেকর্ড মন্ত্রিপরিষদ বিভাগে সংরক্ষিত আছে।
এ সময় তিনি অভিযোগ করেন, ৫৬ জনের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছিল এবং তা গোপনীয়ভাবে বাংলাদেশ ফাইনান্স ইন্টেলিজেন্স ইউনিট (বিএফইউ)-এর কাছে পাঠানোর কথা ছিল। কিন্তু বিএফইউ অফিশিয়াল সাংবাদিক গ্রুপে সেই তথ্য প্রকাশ করেছে, যা নাগরিকের গোপনীয়তা লঙ্ঘন বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থী হওয়াকে কেন্দ্র করে তার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.