
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক (৮০) মারা গেছেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি যুক্তরাষ্ট্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার, সহকর্মী ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
ড. এম রেজাউল হকের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া মহল্লায়। তিনি যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের স্টেট ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি নাসার বিজ্ঞানী হিসেবে যোগ দেন এবং মহাকাশ গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। কয়েক বছর আগে নাসা থেকে অবসর গ্রহণের পর তিনি যুক্তরাষ্ট্রেই স্থায়ীভাবে বসবাস করছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ড. এম রেজাউল হকের বাবার নাম মৃত ফহিম উদ্দিন বিশ্বাস এবং মায়ের নাম মৃত আনোয়ারা খাতুন। তিনি ছিলেন নয় ভাই-বোনের মধ্যে তৃতীয়। তাঁর বড় ভাই বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক। আরেক বড় ভাই প্রয়াত ড. এম এনামুল হক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ছিলেন। ছোট ভাই মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বর্তমানে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রেই তাঁর দাফন সম্পন্ন করা হবে। সেখানে স্বজনরা উপস্থিত রয়েছেন।
এদিকে শুক্রবার জুমার নামাজের পর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া জামে মসজিদে তাঁর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের আবহ বিরাজ করছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.