
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে কয়েকজনকে পুশইনের চেষ্টা প্রতিরোধ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। বিজিবির টহল দল ও স্থানীয় জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টায় এ অপচেষ্টা ব্যর্থ হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ময়মনসিংহ ব্যাটালিয়নের অধীনস্থ রামচন্দ্রকুড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১১৮-এর নিকটবর্তী এবং সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪০০ গজ ভারতের অভ্যন্তরে ২২ বিএসএফ ব্যাটালিয়নের বাবুরামবিল ক্যাম্পের আওতাধীন চেরাংপাড়া এলাকায় ৫ থেকে ৬ জন ব্যক্তিকে মানবপাচারকারী চক্র বাংলাদেশে পুশইনের উদ্দেশ্যে জড়ো করে রেখেছিল বলে গোপন সূত্রে তথ্য পাওয়া যায়।
ধারণা করা হচ্ছে, কাটাতারবিহীন সীমান্ত এলাকা ব্যবহার করে গত ৫ জুন শুক্রবার পবিত্র জুমার নামাজের সময় তাদের বাংলাদেশে প্রবেশ করানোর পরিকল্পনা ছিল। তবে বিজিবির তৎপরতা ও স্থানীয়দের সহযোগিতায় সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
বিজিবি জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় সীমান্তের সকল বিওপিতে জনবল বৃদ্ধি করা হয়েছে এবং সম্ভাব্য পুশইনপ্রবণ এলাকায় ২৪ ঘণ্টা টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী গ্রামগুলোতে জনসচেতনতামূলক সভার মাধ্যমে স্থানীয় জনগণকে সতর্ক করা হচ্ছে।
এছাড়া সোর্স নিয়োগের মাধ্যমে এ ঘটনায় জড়িত বাংলাদেশি দালালদের পরিচয় শনাক্ত করে তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় দায়িত্বপ্রাপ্ত সকল কোম্পানি ও বিওপির টহল দলকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত রক্ষায় বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং পুশইন প্রতিরোধে কঠোর অবস্থান বজায় রাখা হয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.