
নাটোরের নলডাঙ্গায় এক রাতেই ৬টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। কারণ এসব ট্রান্সফরমার কৃষকদের নিজস্ব অর্থায়নে স্থাপন করতে হয়, ফলে চুরির ঘটনায় তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
শনিবার (২ মে) রাতে উপজেলার খাজুরা ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মাঠে স্থাপিত গভীর ও অগভীর নলকূপের সংযোগ থেকে সংঘবদ্ধ চোরচক্র এই ট্রান্সফরমারগুলো চুরি করে নিয়ে যায়।
ভুক্তভোগী কৃষকদের মধ্যে রয়েছেন—দুর্লভপুর গ্রামের মো. ইয়াদ আলী মন্ডল, মো. সুলতান আলী সরদার, মো. জহুরুল ইসলাম (সুরুজ) ও মো. মিলন প্রামাণিক। এছাড়া একই গ্রামের মো. আফসার আলী খানের দুটি ট্রান্সফরমার চুরি হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক মো. মিলন প্রামাণিক ও মো. জহুরুল ইসলাম জানান, সকালে মাঠে গিয়ে তারা দেখেন খুঁটিতে ট্রান্সফরমার নেই, শুধু খোলস পড়ে আছে। তারা বলেন, “ধান চাষে খরচ বেড়েছে, উৎপাদনের খরচই উঠবে কি না তা নিয়ে দুশ্চিন্তা ছিল। এর মধ্যে ট্রান্সফরমার চুরি হওয়ায় আমরা আরও বড় ক্ষতির মুখে পড়লাম।”
তারা প্রশাসনের কাছে দ্রুত চোরদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নলডাঙ্গা জোনাল অফিসের এজিএম মো. আবু তাহের বলেন, “ট্রান্সফরমার চুরির বিষয়টি আমরা জেনেছি। ইতোমধ্যে এলাকায় বিদ্যুৎ কর্মীদের পাঠানো হয়েছে। আমাদের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম জানান, “ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোরচক্রকে ধরতে টহল জোরদার করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
এই ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.